দিরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, দুই রেস্টুরেন্টকে জরিমানা
দিরাই (সুনামগঞ্জ),প্রতিনিধি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেলে দিরাই পৌর সদরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে ‘নুর রেস্টুরেন্ট’ এবং ‘গোপী রেস্টুরেন্ট’-কে অর্থদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর শহরের বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং নিম্নমানের খাবার বিক্রির সত্যতা পাওয়ায় দুটি রেস্টুরেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিকার আইনে দুই রেস্টুরেন্টের মালিককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন দিরাইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা উপলক্ষে জনস্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। উৎসবের সময় বাজার ও খাদ্য প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।