নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিবেশবান্ধব কৃষির বিকল্প নেই: ড. মো. মোশাররফ হোসেন
দক্ষিণ সুরমা (সিলেট), প্রতিনিধি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন বলেছেন, পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ একটি সুস্থ জাতি গঠনের পূর্বশর্ত।
সোমবার (১৮ মে) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা কর্তৃক আয়োজিত জিএপি (GAP) সার্টিফিকেশন বিষয়ক কৃষক/কৃষাণী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়লে পানি ধারণক্ষমতা বৃদ্ধি পায় এবং উপকারী অণুজীবের বংশবৃদ্ধি ঘটে। সুস্থ মাটি উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে দীর্ঘমেয়াদে ফসলের ফলন স্থিতিশীল রাখে।
ড. মোশাররফ হোসেন আরও বলেন, প্রাকৃতিক সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এতে উপকারী পোকামাকড় ও পাখির আবাসস্থলও সুরক্ষিত থাকে। টেকসই ভবিষ্যৎ, জনস্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি কৃষকদের নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন, সঠিক সার ও কীটনাশক ব্যবহারের নিয়ম শেখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার গৌতম পাল সভাপতিত্ব করেন এবং অতিরিক্ত কৃষি অফিসার দীপঙ্কর সূত্র ধর অনুষ্ঠান পরিচালনা করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে নিরাপদ ফসল ও ফলমূল উৎপাদনের আধুনিক পদ্ধতি, জৈব সার উৎপাদন, সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে চাষাবাদ এবং কৃষি আবহাওয়া তথ্য ব্যবহারের বিষয়ে কৃষকদের অবহিত করা হয়।
প্রশিক্ষণে উপজেলার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।