জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
ঢাকা: বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় Islamic Foundation Bangladesh-এর বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।
সভায় জানানো হয়, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৯ মে মঙ্গলবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা পালিত হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, স্পারসোসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইসলামি আলেম ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।