ফোরলেন মহাসড়কে রূপ বদলাচ্ছে শান্তিগঞ্জ: উন্নয়ন কাজে গতি, স্বস্তিতে স্থানীয়রা
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে ফোরলেন (চার লেন) উন্নীত করার চলমান প্রকল্পে বদলে যাচ্ছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা এলাকা। প্রকল্পের কাজ এগিয়ে চলায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও নতুন আশার সঞ্চার হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রণালয়ের অধীনে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের অংশ হিসেবে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে উজানীগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে।
প্রায় ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা ব্যয়ে ২০২৫ সালের জুন মাসে প্রকল্পটির চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৮ মাস।
প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। চুক্তি অনুযায়ী শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে কাজ শুরু হয়েছে। বর্তমানে সড়কের দুই পাশে ভিটবালি দিয়ে ভরাটসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পুরোদমে চলছে।
সরেজমিনে দেখা যায়, চলমান নির্মাণকাজকে ঘিরে স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। অনেকেই মনে করছেন, ফোরলেন সড়ক বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার সাকিব আল হাসান জানান, ইতোমধ্যে রাস্তার ঢালাই কাজের প্রায় ৫০ শতাংশ এবং মাটির কাজের প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় আধুনিক ডিভাইডার, শান্তিগঞ্জ বাজার এলাকায় দৃষ্টিনন্দন লাইটিং ব্যবস্থা, প্রায় ১ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা এবং পুরো ২ কিলোমিটার এলাকায় পথচারীদের জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটি অপসারণ, গাছ কাটার বিলম্ব এবং টানা বৃষ্টির কারণে কিছুটা ধীরগতি দেখা দিলেও বর্তমানে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহমদ উল্লাহ বলেন, প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কর্তৃপক্ষ কাজ করছে।