আরামবাগ আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযান, মহিলা কারবারি আটক
মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
দিবাগত ১৭ মে ২০২৬ মধ্যরাতে শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ি রোডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে রেইডিং টিম পরিচালনা করে।
অভিযানে ময়না রবিদাস (৫৭)-কে গ্রেফতার করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আরেক আসামি সাগর রবিদাস পালিয়ে যায় বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় আসামিকে আটক করা সম্ভব হয় এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নেটওয়ার্ক সম্পূর্ণভাবে নির্মূলের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।