কোম্পানীগঞ্জে ইভটিজিংকে কেন্দ্র করে হামলা: প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
কোম্পানীগঞ্জ (সিলেট),প্রতিনিধি। : সিলেটের কোম্পানীগঞ্জে এক পরীক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) ভোলাগঞ্জ ধলাই সেতুর সামনে মহাসড়কে পাড়ুয়া নোয়াগাঁও দাখিল মাদ্রাসার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, গত ১২ মে কোম্পানীগঞ্জ থানা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে আকাশ নামের আরেক পরীক্ষার্থী ইভটিজিং করে। পরে বিষয়টি নিয়ে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা চললেও পরবর্তীতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের ওপর হামলার অভিযোগ এনে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
পাড়ুয়া নোয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় তিনি মর্মাহত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।