ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে মৃত্যু: জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪
নামগঞ্জের জগন্নাথপুরে মইয়ার হাওরে নৌকা ডুবে নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে হাওরের রোয়ারকারা এলাকায় ভেসে ওঠে দুইজনের মরদেহ। তারা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩৭) ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।
এর আগে শনিবার দিনভর অভিযানে পাওয়া যায় নিখোঁজ সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও অরুণ দেবনাথের (৪৫) মরদেহ।
এ তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মইয়ার হাওর পাড়ের বালুচল এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান ৯ জন। তাদের বাড়ি পূর্ব ভবানীপুর এলাকায়। ভোররাত সাড়ে ৩টার সময় সেখান থেকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় ডুবে যায় নৌকাটি। পাঁচজন সাঁতারে তীরে উঠলেও খোঁজ মেলেনি চারজনের।
শনিবার দিনভর সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরিদলের অভিযানে পাওয়া যায় দুজনের মরদেহ। অন্য দুজনের দেহ ভেসে ওঠে রোববার। পরে থানা পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ঘটনার পর জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, ইসলাম উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পরপরই নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযান চালিয়ে চারজনেরই মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।