ছাতকে জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
সেলিম মাহবুব, ছাতক:
জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়ন, জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে ছাতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলা ও পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ছাতক এস অ্যান্ড এ চৌধুরী শপিং কমপ্লেক্সের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্বে এবং ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদের সদস্য এবং সিবিএ বি-৮০-এর সভাপতি শাহ আলম।
এসময় বক্তব্য রাখেন জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, সাবেক কমিশনার ফয়জুর রহমান, নাজমুল হোসেন এবং সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান।
বক্তারা সরকারের উদ্দেশে বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে জননিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা সালাউদ্দিন, হাফিজ কাওসার আহমদ, ফাজিল মিয়া, মাওলানা কবির আহমদ, ইউপি সদস্য দুলাল মিয়াসহ ছাতক উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।