logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০২ আগস্ট ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিদেশে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ: র‌্যাব-৯ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ০২ আগস্ট ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০২ আগস্ট ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন
বিদেশে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ: র‌্যাব-৯ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার

বিদেশে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট।


র‌্যাব জানায়, ভুক্তভোগী আফতাব উদ্দিন (৩৪) সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মোস্তফানগর এলাকার বাসিন্দা। অভিযুক্তদের সিলেট নগরের আম্বরখানায় একটি ট্রাভেলস এজেন্সির অফিস রয়েছে। তারা ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন উন্নত দেশে স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিটের মাধ্যমে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।


ভুক্তভোগী তাদের কথায় বিশ্বাস করে নিজের ছেলে ও শ্যালকের ছেলেকে সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর জন্য অভিযুক্তদের সঙ্গে ১৮ লাখ টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী বিভিন্ন সময়ে তিনি পুরো টাকা পরিশোধ করেন। পরে ২০ নভেম্বর ২০২৫ তারিখে ভিসা প্রদান করা হয় এবং ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে তাদের ঢাকা বিমানবন্দরে নিয়ে যাওয়া হলেও ফ্লাইটে না তুলে নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ভিসাগুলো যাচাই করে জানা যায়, অনলাইনে সেগুলোর কোনো তথ্যই নেই। টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তা না দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।


মামলার পর র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে সিলেট নগরের আম্বরখানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি আই. এ. মারুফ আহমদ (৩৪)-কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সিলেট জেলার জালালাবাদ থানার পাইকরাজ এলাকায়।


গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণা, জালিয়াতি ও অপরাধ দমনে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16733
Page of