সিলেটে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য জিহাদ গ্রেফতার
সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন ছড়ারপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬৬, তারিখ ২৬ নভেম্বর ২০২৫ খ্রি., ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডের আসামি জিহাদ আহমদ @ আবেদ আলী (২৯)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিহাদ আহমদ @ আবেদ আলীর পিতার নাম তাহির আলী এবং মাতার নাম জবা বেগম। তার স্থায়ী ঠিকানা সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও গ্রামে। বর্তমানে তিনি সিলেট মহানগরের কোতোয়ালী থানার ছড়ারপাড় এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ নভেম্বর কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট এলাকায় সিএনজিযোগে যাত্রাকালে এক ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জিহাদ আহমদ @ আবেদ আলী একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতির ৮টি এবং অস্ত্র আইনের ১টিসহ মোট ৯টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।