ছাতকে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী যুবক নিহত
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ট্রাকের ধাক্কায় জোবায়ের আহমেদ জয় (২৮) নামে এক সাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও এলাকায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের আহমেদ জয় উপজেলার নোয়ারাই গ্রামের মাওলানা জমির আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়ের আহমেদ জয় নিজ বাড়ি থেকে সাইকেলযোগে ছাতক বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।