কানাইঘাটে আজিজুর রহমান হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে আজিজুর রহমানকে কুপিয়ে হত্যা মামলার আরও এক এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন জালালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন বিলাল আহমদ (৪০)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার আগফৌদ (নারায়ণপুর) এলাকার মৃত কুদরত উল্লাহর ছেলে। র্যাব জানায়, তিনি কানাইঘাট থানার মামলা নং-১৪, তারিখ ১৮/০৭/২০২৬-এর এজাহারভুক্ত ৪ নম্বর পলাতক আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/১১৪ এবং সংযুক্ত ৩০২ ধারায় দায়ের করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত আজিজুর রহমান কানাইঘাট উপজেলার আগফৌদ (নারায়ণপুর) এলাকার বাসিন্দা ছিলেন। অভিযুক্তদের সঙ্গে পূর্ব বিরোধের জেরে তাকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ জুলাই সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৯ জানায়, ঘটনার পর থেকেই ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলাল আহমদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।