৩ দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে মারুফ আলম (১৩) নামে এক শিশু। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। শিশুটিকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।
নিখোঁজ মারুফ আলম শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দুপুর প্রায় ২টার দিকে মারুফ তাদের নতুন বাড়ি থেকে পাশের চন্দ্রপুর পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে এ ঘটনায় গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার জিডি নম্বর-২৩।
পরিবারের ভাষ্য, নিখোঁজ হওয়ার সময় মারুফের গায়ের রং ছিল শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। তার পরনে ছিল গোলাপি রঙের একটি শার্ট ও জিন্সের প্যান্ট।
শিশুটির বাবা আছির আলম বলেন, “তিন দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, আত্মীয়-স্বজনদের কাছেও খবর নিয়েছি। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আমরা খুবই উদ্বিগ্ন। কেউ আমার ছেলের সন্ধান পেলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ শিশু মারুফ আলমের সন্ধান পেলে তার বাবা ০১৭৮০-৭৯৫০৭১ অথবা তার ভাইয়ের ০১৪০৮-০৭৩৫১৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।