জৈন্তাপুর বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর বাজারে গরুর পচা মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে গরুর পচা মাংস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় ওই ব্যবসায়ীকে ২৫ হাজার (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।
তিনি জানান, নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারে গরুর পচা মাংস বিক্রির অপরাধে এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি সকল ব্যবসায়ীকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য বিক্রির আহ্বান জানান। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।