নিত্যপণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রীরা বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য এবং সার্বিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় (খাদ্য ও কৃষি) পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণ সংক্রান্ত এক সভায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী। সভায় দেশের বাজার ব্যবস্থাপনা, নিত্যপণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে মন্ত্রীরা সরেজমিনে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান। সেখানে তারা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজারের বাস্তব চিত্র সম্পর্কে ধারণা নেন।