সিলেটে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও ভারতীয় জিরাসহ দুইজন গ্রেফতার, মামলা রুজু
সিলেট, : সিলেট মহানগর এলাকায় পৃথক দুটি অভিযানে মাদক ও অবৈধ ভারতীয় পণ্যসহ দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উভয় ঘটনায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
প্রথম ঘটনায়, ১৬ মে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ সুরমা থানাধীন কামাল বাজার ইউনিয়নের কাড়ারপাড় (গাংপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ‘মা’ ভ্যারাইটিজ স্টোরে তল্লাশি চালিয়ে ১২০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ লিয়াকত আলী (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত ওস্তার আলীর ছেলে।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা নং-১৮ (তারিখ: ১৬/০৫/২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে একই দিন রাত ৯টা ১০ মিনিটের দিকে শাহপরান (রহ.) থানা পুলিশ সুরমা বাইপাস রোড এলাকায় চেকপোস্ট অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি কভার্ডভ্যান জব্দ করে।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ট-২২-৪৪০৮ নম্বরের কভার্ডভ্যানটি তল্লাশি করে ১১৭ বস্তায় মোট ৩,৫১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ ৬ হাজার টাকা। এ সময় মো. মারুফ হোসেন (৩১)-কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা নং-১৬ (তারিখ: ১৭/০৫/২০২৬) বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ সালের 25B(1)(b) ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকেও আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।