সিলেটে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ
সিলেট,। (১৮ মে): বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রচার কার্যক্রমের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে ‘নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: দিদার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৈতিকতা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা, সহমর্মিতা ও দেশপ্রেমের মতো মূল্যবোধ একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চাকে গুরুত্ব দিচ্ছে, যাতে নতুন প্রজন্ম সৎ, আদর্শবান ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি শিক্ষার্থীদের মাদক, দুর্নীতি, গুজব ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গাছের চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।