logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৮ মে ২০২৬ ০৩:৩২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঈদে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, চাঁদাবাজি ঠেকাতে বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ০৩:৩২ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ০৩:৩২ অপরাহ্ন
ঈদে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, চাঁদাবাজি ঠেকাতে বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ


ঢাকা, ১২ মে : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদের আগে ও পরে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।


সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত “ঈদ-উল-আজহা ২০২৬ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা, সড়ক-মহাসড়কের যানজট ও পশুর হাটের নিরাপত্তা” সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা ঈদের আগের সাত দিন ও পরের সাত দিন সার্বক্ষণিক কার্যকর থাকবে। জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস (১০২) ও বিআইডব্লিউটিএর (১৬১১৩) হটলাইন চালু থাকবে বলেও জানান তিনি।


মন্ত্রী বলেন, এবার সারাদেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি হাট থাকবে। প্রতিটি হাটে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা ও জালনোট শনাক্তে ব্যাংকের বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ‘অঙ্গীভূত আনসার’ মোতায়েন করা হবে।


পশুবাহী যানবাহনে চাঁদাবাজি দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি থাকবে। পাশাপাশি চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি আরও জানান, কোরবানির পশুর চামড়ার গুণগত মান রক্ষায় জবাইয়ের দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণে দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এ জন্য প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন।


ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ ও বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, মহাসড়কের গর্ত দ্রুত সংস্কার এবং ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হয়রানি রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।


সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ভারতের কোনো অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ ইস্যুতে বাংলাদেশে সাম্প্রদায়িক প্রভাব পড়ার আশঙ্কা নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15475
Page of