বাংলাদেশের ৫ টিটিসি থেকে দক্ষ কর্মী নিতে চায় কাতার
ঢাকা, ১৮ মে : বাংলাদেশের ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং খাতে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-কাতার ৭ম যৌথ কমিটির বৈঠকে এ আগ্রহের কথা জানান কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে ৪ লক্ষাধিক বাংলাদেশি কর্মী দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাতারের উন্নয়নে অবদান রাখছেন। ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন উল্লেখ করে তিনি চলতি বছরে এই সংখ্যা দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, কাতারগামী কর্মীদের জন্য বর্তমানে ঢাকায় মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দ্রুত ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে দেশের ৮টি বিভাগীয় শহরে কাতারের ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের অনুরোধ জানান তিনি।
এসময় তিনি জানান, মন্ত্রণালয়ের অধীন ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বিদেশগামী কর্মীদের জন্য ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক কাতারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে বাংলাদেশ থেকে দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন, খতিব ও ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি বাংলাদেশি কর্মীদের দক্ষতার প্রশংসা করে বলেন, বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। এর মধ্যে ৩০ শতাংশ উন্নয়ন খাতে এবং বাকিরা অন্যান্য পেশায় নিয়োজিত।
তিনি জানান, কাতারে অদক্ষ শ্রমিকদের দক্ষ করে তুলতে ইতোমধ্যে দুটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া বিভাগীয় শহরে ভিসা সেন্টার বাড়ানোর বিষয়ে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন বলেও আশ্বাস দেন তিনি।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাঈদ আল-কাহতানি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলামসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।