logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৬ মে ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়”—বাণিজ্য মন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ মে ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ মে ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন
গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়”—বাণিজ্য মন্ত্রী

সিলেট: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিজ্ঞান গবেষণায় ব্যর্থতা বলে কিছু নেই; বরং গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়, যা ভবিষ্যতের উদ্ভাবনকে এগিয়ে নেয়।


শুক্রবার (১৫ মে) সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একটি দেশের অগ্রগতির মূল শক্তি হলো জ্ঞানভিত্তিক সমাজ ও গবেষণা।


তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ভিত্তিক জ্ঞানচর্চার উদাহরণ টেনে বলেন, গবেষণা ও উদ্ভাবনই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইন, পেঁয়াজ ও আলু সংরক্ষণ প্রযুক্তির মতো দেশীয় উদ্ভাবনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দেশের বাস্তব সমস্যার সমাধান দেশীয় গবেষণা থেকেই আসতে হবে।


বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সাহস, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার প্রশংসা করেন মন্ত্রী। তিনি জানান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান মেলার আয়োজন অব্যাহত থাকলে নতুন নতুন উদ্ভাবনের পথ উন্মোচিত হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এসএম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আলিমুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান। এছাড়াও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে মন্ত্রী সিলেট জেলা পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টসের বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15439
Page of