logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ মে ২০২৬ ০১:১০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে ২ কোটি ৩১ লাখ টাকার নকলা খাল পুনঃখনন কাজের উদ্বোধন, কৃষি ও পানি প্রবাহে নতুন সম্ভাবনা

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ০১:১০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ০১:১০ পূর্বাহ্ন
কানাইঘাটে ২ কোটি ৩১ লাখ টাকার নকলা খাল পুনঃখনন কাজের উদ্বোধন, কৃষি ও পানি প্রবাহে নতুন সম্ভাবনা

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নকলা খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদর ইউনিয়ন ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত আমরী সুইচ গেট থেকে কৃষ্ণপুর গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিল।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউপি বিএনপির সভাপতি ও প্রকল্প কমিটির সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, প্রকল্প কমিটির সেক্রেটারি ইউপি সদস্য বদরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় এই খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিল বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল দ্রুত হাওরের দিকে প্রবাহিত হবে এবং সারা বছর পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে।


তিনি আরও জানান, সিডিউল অনুযায়ী ৪৩ দিনের মধ্যে খনন কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ৫৩৫ জন শ্রমিক প্রতিদিন কাজ করবেন এবং প্রকল্পের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হবে।


উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উন্নয়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা বর্তমান সময়ে আরও বিস্তৃত হয়েছে।


আয়োজকরা জানান, এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে কৃষি, পরিবেশ এবং পানি ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15238
Page of