logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৮ মে ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সরকারি রেট অজানা কৃষি কর্মকর্তাদের, সুযোগ নিচ্ছে হারভেস্টার সিন্ডিকেট

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন
সরকারি রেট অজানা কৃষি কর্মকর্তাদের, সুযোগ নিচ্ছে হারভেস্টার সিন্ডিকেট

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় আগাম বন্যার কারণে ধানক্ষেত তলিয়ে যাওয়ার আতঙ্কে যখন কৃষকের সোনালী স্বপ্ন ভেসে যাচ্ছে, তখন কম্বাইন হারভেস্টার মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ কৃষকরা।


সরকারি নির্ধারিত হার অনুযায়ী ধান কাটার মূল্য প্রতি কানি (৩০ শতাংশ) ১৭৫০ টাকা হলেও মাঠ পর্যায়ে হারভেস্টার মালিকরা কৃষকদের কাছ থেকে ২৫০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এতে বন্যার মধ্যে দ্রুত ধান ঘরে তুলতে গিয়ে কৃষকরা কার্যত জিম্মি হয়ে পড়েছেন।


অভিযোগ আরও রয়েছে, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদাসীনতা ও তদারকির অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। জানা যায়, কিছু উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমনকি উপজেলা কৃষি কর্মকর্তা পর্যন্ত সরকারি রেট সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।


অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম নিশ্চিত করেছেন, ধান কাটার সরকারি হার প্রতি কানি ১৭৫০ টাকা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম জানিয়েছেন, অতিরিক্ত টাকা আদায় করলে কৃষকদের লিখিত অভিযোগ দিতে হবে।


তবে কৃষকদের অভিযোগ, বন্যাকবলিত এই দুর্যোগের সময়ে দ্রুত ধান কেটে ঘরে তুলতেই তাদের সময় ও সুযোগ নেই অভিযোগ করার মতো। ফলে হারভেস্টার মালিকদের বেপরোয়া আচরণ আরও বেড়ে গেছে বলে দাবি তাদের।


স্থানীয়দের মতে, সরকারি নির্দেশনা কাগজে-কলমে সীমাবদ্ধ থাকায় মাঠে এর কোনো বাস্তব প্রয়োগ নেই। এ অবস্থায় কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা কৃষি বিভাগের আরও সক্রিয় ভূমিকা এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15236
Page of