logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৮ মে ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে এমপি জীবন, কৃষকদের তালিকা করে সহায়তার আশ্বাস

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে এমপি জীবন, কৃষকদের তালিকা করে সহায়তার আশ্বাস

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ): টানা অতিবৃষ্টি ও অকাল বন্যায় বোরো ধানের পাকা ফসল তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন আজমিরীগঞ্জ উপজেলার কৃষকরা। এতে এলাকায় চরম হতাশা বিরাজ করছে।


এ অবস্থায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।


সোমবার (দিনব্যাপী) তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন। অনেক কৃষক জানান, তারা বছরের একমাত্র ফসল হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন এবং দ্রুত সরকারি সহায়তা চান।


পরিদর্শনকালে এমপি জীবন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারি সহায়তার আওতায় আগামী তিন মাস তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, তুলনামূলক সচ্ছল বা বড় জমির মালিকদের নয়, প্রকৃত ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষকরাই অগ্রাধিকার পাবেন।


তিনি আরও জানান, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিজিএফ কার্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি অসহায় বৃদ্ধ, বৃদ্ধা ও স্বামী পরিত্যক্ত নারীদের সহায়তা কার্যক্রমও যাচাই-বাছাই করে আরও সম্প্রসারণ করা হবে।


এমপি জীবন বলেন, হাওর অঞ্চলে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধানে খাল খনন কর্মসূচি নেওয়া হবে। খাল খননের মাধ্যমে জমে থাকা পানি দ্রুত অপসারণের ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি কমানো যায়। তিনি স্থানীয় প্রশাসনকে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15234
Page of