দুই দিনের নিখোঁজের অবসান, হাওর থেকে উদ্ধার কৃষকের মরদেহ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার পুবের হাওর সংলগ্ন কাটমা বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত আব্দুর রউফ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্ত গ্রাম (নিশা কুড়ি) এলাকার মৃত রাজত উল্লাহর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জমি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে হাওরের পথে বের হন আব্দুর রউফ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।
পরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা পুবের হাওরের কাটমা বিল এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ আব্দুর রউফের বলে শনাক্ত করেন।
ধারণা করা হচ্ছে, জমি দেখতে গিয়ে কোনো দুর্ঘটনা বা অসুস্থতার কারণে তিনি পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পুলিশ তৎপরতা চালায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
দুই দিন পর কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।