logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৮ মে ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শান্তিগঞ্জে অনলাইন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে সরকারি বোরো ধান সংগ্রহ শুরু

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে অনলাইন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে সরকারি বোরো ধান সংগ্রহ শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদারের লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলায় অনলাইনে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্বাচন করে সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।


সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে অনলাইন লটারির মাধ্যমে আবেদনকারী কৃষকদের মধ্য থেকে ধান বিক্রেতা নির্বাচন করা হয়।


উপজেলার ৮টি ইউনিয়ন থেকে অনলাইনে আবেদনকারী মোট ২ হাজার ২৯৩ জন কৃষকের মধ্য থেকে ৭৩১ জন কৃষককে সরকারি ভাবে ধান প্রদানের জন্য নির্বাচিত করা হয়। পাশাপাশি ১৪৯ জন কৃষককে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা খাদ্য পরিদর্শক (এলএসডি) আব্দুল আহাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।


পরে বিকেলে শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।


চলতি মৌসুমে সরকার শান্তিগঞ্জ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে (মন প্রতি ১ হাজার ৪৪০ টাকা) মোট ২ হাজার ১৯৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে। প্রতিজন নির্বাচিত কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ টন করে ধান ক্রয় করা হবে। প্রথম ধাপে এ কার্যক্রম ১৫ জুন পর্যন্ত চলবে, পরবর্তীতে অপেক্ষমাণ তালিকা থেকে ধান সংগ্রহ করা হবে।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ চলবে এবং কোনো কৃষক অনিয়মের শিকার হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15239
Page of