logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৮ মে ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নদী খনন প্রকল্পে অনিয়ম ঠেকাতে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান হুইপ জিকে গউছের

৩ কোটি ৬০ লাখ টাকার সুতাং নদী খনন প্রকল্পে অনিয়ম হলে ব্যবস্থা: হুঁশিয়ারি হুইপের

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন
৩ কোটি ৬০ লাখ টাকার সুতাং নদী খনন প্রকল্পে অনিয়ম হলে ব্যবস্থা: হুঁশিয়ারি হুইপের

 লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি।  লাখাই উপজেলা অংশে সুতাং নদীকে পুনরুজ্জীবিত ও দূষণমুক্ত করার লক্ষ্যে ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নদী খনন কাজের বিষয়ে স্থানীয় জনগণকে অবহিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৩ মে) বিকেলে উপজেলার বুল্লাবাজার সংলগ্ন শাহবায়েজিদ (রঃ) মাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।


জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ।


সভায় জানানো হয়, সুতাং নদীর বুল্লাবাজার অংশ থেকে ৪ কিলোমিটার এলাকাজুড়ে পুনঃখনন কাজ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা। খননকৃত নদীর প্রশস্ততা হবে ১০০ ফুট এবং গভীরতা হবে ১৬ ফুট।


প্রধান অতিথির বক্তব্যে হুইপ জিকে গউছ বলেন, নদী খননের সুফল যেন সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করতে হবে। কাজ চলাকালীন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। তিনি স্থানীয়দের সতর্ক থেকে কাজ পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে বলেন, কোথাও অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা সরাসরি তাকে অবহিত করতে হবে।


তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণীয়। পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের কথাও তিনি তুলে ধরেন।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বক্তব্য রাখেন।


বক্তারা আশা প্রকাশ করেন, এই নদী খনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষিকাজ, মৎস্য আহরণ এবং পরিবেশগত ভারসাম্যে ইতিবাচক পরিবর্তন আসবে।


সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15235
Page of