logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ মে ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জ প্রেসক্লাবে দিনব্যাপী ফল উৎসব, অসহায়দের মুখে হাসি ফোটানোর উদ্যোগ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ন
জকিগঞ্জ প্রেসক্লাবে দিনব্যাপী ফল উৎসব, অসহায়দের মুখে হাসি ফোটানোর উদ্যোগ

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এবং ক্লাবের আজীবন সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আবিদুর রহমানের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব ভবন (ডাকবাংলো সড়কস্থ) হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফলমূল প্রদর্শন, বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।


প্রধান অতিথি বলেন, জকিগঞ্জ প্রেসক্লাব গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজসেবী আবিদুর রহমান নীরবে অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন। তিনি স্থানীয়ভাবে ফল উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ খাতে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি নদী ভাঙন রোধ ও বন্যা মোকাবেলায় প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, ওসি (তদন্ত) সুজন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদারসহ অনেকে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয়ভাবে ফল উৎপাদনে আগ্রহীদের প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ও সহায়তা দেওয়া হবে। তিনি প্রেসক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসাও করেন।


অনুষ্ঠানে সমবায় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অসহায় মানুষের মধ্যে ফলমূল বিতরণ করা হয়।


অনুষ্ঠান শেষে অসুস্থ মোহাম্মদ আবিদুর রহমান এবং তাঁর ছোট ভাই প্রবাস ফেরত মো. আফতাবুর রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এমপি মুফতি আবুল হাসান।


একই দিনে বিকেলে প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমান সভাপতিত্ব করেন। সভায় সংগঠনের বিভিন্ন বিষয় ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।


আয়োজকরা জানান, ফল উৎসবের স্পন্সর ছিলেন প্রেসক্লাবের আজীবন সদস্য ও সমাজসেবক মোহাম্মদ আবিদুর রহমান। উৎসবে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষ করে হতদরিদ্র মানুষের অংশগ্রহণ ও ফল উপভোগ অনুষ্ঠানটিকে আরও মানবিক ও উৎসবমুখর করে তোলে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15237
Page of