অবৈধ পাথর পরিবহনে সাতবাঁক ইউনিয়নের রাস্তা-ঘাট ধ্বংসের মুখে, এলাকাজুড়ে চরম দুর্ভোগ
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি থেকে অবৈধভাবে ইঞ্জিনচালিত বারকি নৌকায় পাথর পরিবহন করে সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া, লোভারমুখ বাজারসহ আশপাশ এলাকায় মজুদ ও ট্রাক্টর-ট্রাকে পরিবহন করার কারণে গ্রামীণ রাস্তা-ঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লোভাছড়া পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে চরিপাড়া ও লোভারমুখ বাজারের পাশে মজুদ করা হচ্ছে। এরপর ট্রাক্টর ও ট্রাকে পরিবহনের ফলে চরিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে দইলমাটি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পাকা সড়ক ভেঙে কাদা ও গর্তে পরিণত হয়েছে। এতে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
এছাড়া পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত সুরমা ডাইকও পাথরবাহী যানবাহনের চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়রা জানান। বর্ষাকালে কাদা ও সড়ক ভাঙনের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়িব শামীম একাধিকবার উপজেলা সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরিপাড়া করডি গ্রামের মিজানুর রহমান, কামরান আহমদ, খালেদ আহমদ, চরিপাড়া মাঝরডি গ্রামের রফিক আহমদ, ফয়জুল ইসলাম ফজলু ও ঠাকুরেরমাটি গ্রামের আব্দুল হালিমসহ একটি চক্র এই পরিবহন কার্যক্রমের সঙ্গে জড়িত।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে অবৈধ পাথর পরিবহন বন্ধ হচ্ছে না এবং প্রতিদিনই রাস্তা-ঘাটের ক্ষতি বাড়ছে। তারা দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ পাথর পরিবহন বন্ধ ও সড়ক রক্ষার জোর দাবি জানিয়েছেন।