logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ মে ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জ উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা: চেয়ারম্যান পদে জাবেদ, ভাইস চেয়ারম্যান পদে আবিদ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
জকিগঞ্জ উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা: চেয়ারম্যান পদে জাবেদ, ভাইস চেয়ারম্যান পদে আবিদ

কানাইঘাট প্রতিনিধি। 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিলেট জেলা শাখা।


সোমবার (৫ মে) বিকেলে জকিগঞ্জ উপজেলা জামায়াতের এক বিশেষ দায়িত্বশীল বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন। এর আগে গত ৩০ এপ্রিল জেলা জামায়াতের পক্ষ থেকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।


ঘোষণা অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জকিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমানের নাম।


প্রার্থী ঘোষণার বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন এবং নায়েবে আমীর মাওলানা ফয়জুল্লাহ বাহার।


বৈঠকে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সংগঠনের সম্প্রসারণ ও মানোন্নয়নে নিরলসভাবে কাজ করার পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।


এসময় আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ছারওয়ার হোসেন, নায়েবে আমীর মাওলানা জামিল আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্করসহ উপজেলার বিভিন্ন বিভাগ ও ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15228
Page of