দক্ষিণ চর্থায় টানা সংঘর্ষে আহত ৩০
অনলাইন ডেস্ক।
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা তিন দিন ধরে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শনিবার (২৫ এপ্রিল) বিকেল পর্যন্ত চলা এ সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, থিরা পুকুর পাড় ও জিনাপুকুর পাড় এলাকার তরুণদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত হয়। পরে তা বড় আকার ধারণ করে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করে ফেলে। এক পর্যায়ে এলাকা দুই ভাগে বিভক্ত হয়ে ‘নয়নগ্রুপ’ ও ‘স্বপনগ্রুপ’ নামে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের ব্যবহার, ইট-পাটকেল নিক্ষেপ এবং গুলিবর্ষণের ঘটনাও ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলমেট পরিহিত একদল তরুণকে অস্ত্র হাতে হামলা চালাতে এবং গুলি ছুড়তে দেখা যায়। এতে একাধিক দোকান ও বাসাবাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়।
এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। রোববার (২৬ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, দক্ষিণ চর্থা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তহিদুল আনোয়ার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্তের কাজ চলছে।