সুনামের সঙ্গে ৩৭ বছরের কর্মজীবন শেষ: সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন মো: আসাদুজ্জামান
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: দীর্ঘ ৩৭ বছর ১ মাস ১৬ দিনের কর্মজীবন সুনামের সঙ্গে শেষ করে অবসরে গেলেন মো: আসাদুজ্জামান। তিনি মোহনগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিসে এসএএস সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নেন।
তিনি ১৯৮৯ সালের ১ ফেব্রুয়ারি জুনিয়র অডিটর হিসেবে চাকরিজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন শ্রদ্ধেয় কর্মকর্তা।
শেষ কর্মদিবসে উপজেলা হিসাব রক্ষণ অফিসে তার সহকর্মীরা তাকে ঘিরে আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করেন। এ উপলক্ষে সবাই মিলে দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, সহকর্মী আরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিদায় মুহূর্তে মো: আসাদুজ্জামান তার কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অফিস জীবনের এই দীর্ঘ পথচলা তার জীবনের একটি গৌরবময় অধ্যায়। অবসর জীবনে শান্তি ও সুস্থতা কামনা করে তিনি সকলের দোয়া চান।