ভৈরবে পণ্য দেওয়ার নামে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ
ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মাসুম বিল্লাহ, মাহাবুব মিয়া ও টুনি আক্তার (শারমিন)-এর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারিত ভুক্তভোগীরা টাকা ফেরত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে আয়েশা বেগম, বিলকিস আরা ও মনি সহ একাধিক ভুক্তভোগী তাদের অভিযোগ তুলে ধরেন।
তাদের দাবি, প্রায় এক বছর আগে অভিযুক্তরা সরকারি পণ্য সরবরাহের কথা বলে প্রায় ৪ শতাধিক মানুষের কাছ থেকে মাসিক ৫ থেকে ১০ হাজার টাকা করে সংগ্রহ করেন। এভাবে ধাপে ধাপে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়া হলেও প্রতিশ্রুত কোনো পণ্য তারা সরবরাহ করেননি।
ভুক্তভোগীরা জানান, একাধিকবার টাকা ফেরতের দাবি জানানো হলেও কোনো সাড়া মেলেনি। ফলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত অর্থ ফেরত ও দোষীদের শাস্তি দাবি করেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাসুম বিল্লাহ। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, টুনি আক্তারের চাচা-চাচী কিছু মানুষের কাছ থেকে ৫ থেকে ৭ লাখ টাকা নিয়েছেন বলে তিনি শুনেছেন এবং এ নিয়ে স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠকও হয়েছে।
এছাড়া মাসুম বিল্লাহ অভিযোগ করেন, টুনি আক্তারের কাছ থেকে জোরপূর্বক তিনটি চেক নেওয়া হয়েছে। এ ঘটনায় বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও তিনি জানান।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।