logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ এপ্রিল ২০২৬ ০১:১৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

পুষ্টি নিশ্চিত করতে পরিবার-প্রতিষ্ঠান সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ০১:১৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ০১:১৯ অপরাহ্ন
পুষ্টি নিশ্চিত করতে পরিবার-প্রতিষ্ঠান সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান


সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুষ্টি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মৌলিক উপাদান এবং একটি জাতির সামগ্রিক অগ্রগতির সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। পুষ্টিহীনতার কারণে শিশু-কিশোররা মেধা ও সক্ষমতার দিক থেকে প্রতিযোগিতামূলক বিশ্বে পিছিয়ে পড়ছে। তাই সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ছোটবেলা থেকেই শিশুদের পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।


তিনি আরও বলেন, পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের শিশুদের খাদ্যাভ্যাসের প্রতি আরও যত্নবান হতে হবে এবং স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতে হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বলেন, অনুপযুক্ত খাদ্যাভ্যাস এবং প্রাকৃতিক ও সুষম খাদ্যের পরিবর্তে অতিমাত্রায় প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক নতুন প্রজন্মকে শারীরিকভাবে দুর্বল ও মেধাগতভাবে ক্ষতিগ্রস্ত করছে। শিশু-কিশোর, গর্ভবতী মা ও প্রবীণসহ সব বয়সী মানুষের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে একযোগে সচেতনতা বাড়াতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।


অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নুসরাত জাহান চৌধুরী, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল হক আকন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14992
Page of