পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও গ্রেফতার ১
মোঃ শাখাওয়াৎ হোসেন, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা সদর থানার পৃথক অভিযানে চোরাই দুইটি মোটরসাইকেল উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পাবনা সদর থানার মামলা নং- ২৬(০৪)২০২৬ ও ২৭(০৪)২০২৬ (মোটরসাইকেল চুরি) এর তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ ফাইম পারভেজ, এসআই মোঃ আরিফুল ইসলাম, পিএসআই মোঃ মাহমুদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স সুজানগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রাহাতুল ইসলাম রাহাত (২০) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা সদর থানাধীন আমিনপুর ফাঁড়ি এলাকার কল্যাণপুর চর থেকে পূর্বে চুরি হওয়া ২টি কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।