সিলেটে একসঙ্গে ১২৬ যুগলের গণবিবাহ, বর্ণিল আয়োজনে নতুন জীবনের সূচনা
সিলেট।
সিলেটে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অর্থাভাবে বিয়ে করতে না পারা ১২৬ জন এতিম, অসহায় ও হতদরিদ্র তরুণ-তরুণী। সম্পূর্ণ বিনা খরচে এবং রাজকীয় আয়োজনে এসব যুগলের নতুন জীবনের সূচনা করে দিয়েছে মানবিক সংগঠন ‘সিডস অব সাদাকাহ’।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেটের একটি কনভেনশন হলে উৎসবমুখর পরিবেশে এই গণবিবাহ সম্পন্ন হয়। স্থানীয় মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’ এই মহতী অনুষ্ঠানের ব্যবস্থাপনা করে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এসব তরুণ-তরুণী প্রাপ্তবয়স্ক হলেও চরম দারিদ্র্যের কারণে তাদের সংসার শুরু করা সম্ভব হচ্ছিল না। তাদের এই স্বপ্নপূরণে এগিয়ে আসে যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’। সমাজের বিত্তবান ও সম্ভ্রান্ত পরিবারের বিয়ের অনুষ্ঠানের মতোই আলোকসজ্জা, আপ্যায়ন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে গণবিবাহ সম্পন্ন করা হয়।
নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে আয়োজকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ উপহার। সংসার সাজানোর জন্য প্রতিটি দম্পতিকে প্রায় দুই লক্ষ টাকা সমমূল্যের ৭৭ প্রকারের প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘সিডস অব সাদাকাহ’ সংগঠনের প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আনন্দের সুযোগ তৈরি করা এবং তাদের স্বনির্ভরতার পথ দেখানোই তাদের মূল লক্ষ্য। এই আয়োজন সেই অঙ্গীকারেরই একটি অংশ।
সংগঠনের অন্যতম আয়োজক ওরকাতুল জান্নাত জানান, নতুন জীবনের শুরুতে এই সহায়তা ও শুভকামনা নবদম্পতিদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে এবং তারা যেন সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারেন—এটাই তাদের প্রত্যাশা।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিদের আশীর্বাদ জানান। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।