শতবর্ষী ঐতিহ্যে চুনারুঘাটের পীরের বাজারে বৈশাখী মেলা, কৃষিপণ্যের সমারোহে মুখরিত এলাকা
শাহজাহান জলি, চুনারুঘাট থেকে:
শত বছরের ঐতিহ্যকে ধারণ করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পীরের বাজারে শুরু হয়েছে বৃহৎ বৈশাখী মেলা, স্থানীয়ভাবে যা ‘বান্নি’ নামে পরিচিত। পহেলা বৈশাখের পরদিন বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই মেলায় প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে কৃষিপণ্যের বিশাল সমাহার।
মেলায় পাওয়া যাচ্ছে লাঙল, জোয়াল, দা, কাঁচি, মই, মাছ ধরার বিভিন্ন সরঞ্জামসহ নানা কৃষি উপকরণ। পাশাপাশি মাটির তৈরি হাঁড়ি-পাতিল, খেলনা, হস্তশিল্প ও মনিহারি পণ্যেরও ব্যাপক উপস্থিতি রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা মেলায় অংশ নিয়েছেন। হবিগঞ্জ ছাড়াও ঢাকা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এমনকি উত্তরবঙ্গ থেকেও ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী এই মেলায় এসেছেন।
চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন, এই মেলা মূলত কৃষকদের জন্য আয়োজন করা হয়, যেখানে তারা প্রয়োজনীয় কৃষিপণ্য সংগ্রহ করতেন।
তবে আধুনিক প্রযুক্তির প্রসারের কারণে কৃষিকাজে ব্যবহৃত ঐতিহ্যবাহী সরঞ্জামের চাহিদা কিছুটা কমে যাওয়ায় মেলার জৌলুস আগের তুলনায় হ্রাস পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া আশপাশে বসতি গড়ে ওঠায় মেলার পরিসরও সংকুচিত হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মেলায় অংশ নিতে আসছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়দের মতে, প্রায় একশ বছর আগে ছোট পরিসরে শুরু হওয়া এই মেলা সময়ের সাথে সাথে বৃহৎ আয়োজনে পরিণত হয়েছে। বর্তমানে এটি শুধু কেনাবেচার স্থান নয়, বরং গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। মেলায় আয়োজন করা হচ্ছে গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠানও, যা দর্শনার্থীদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।