logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ০৯ এপ্রিল ২০২৬ ১১:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নৌ পুলিশের চলমান অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, চিংড়ি জব্দ; আটক ৪০৩ জন

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ এপ্রিল ২০২৬ ১১:৫০ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ এপ্রিল ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
নৌ পুলিশের চলমান অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, চিংড়ি জব্দ; আটক ৪০৩ জন



দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা এবং জেলিযুক্ত চিংড়ি উদ্ধারসহ ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই সময়ে মোট ৩,৬০,৮৮,৭৭৫ (তিন কোটি ষাট লক্ষ আটাশি হাজার সাতশত পঁচাত্তর) মিটার অবৈধ জাল, ৫,১৭৭ (পাঁচ হাজার একশত সাতাত্তর) কেজি মাছ, ৪,১০,০০০ (চার লক্ষ দশ হাজার) পিস চিংড়ি রেণু এবং ৩০৫ (তিনশত পাঁচ) কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পাশাপাশি নদী থেকে ৩৩৯ (তিনশত ঊনচল্লিশ)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।


অভিযানের অংশ হিসেবে বৈধ কাগজপত্র না থাকায় ৮১ (একাশি)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং ৮ (আট)টি ড্রেজার জব্দ করা হয়।


সাত দিনব্যাপী এই অভিযানে মোট ৪০৩ (চারশত তিন) জন আসামি গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন আইনে মোট ১০৩ (একশত তিন)টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭০টি মৎস্য আইন, ১৬টি বেপরোয়া গতি আইন, ২টি বালুমহাল আইন, ১টি মাদক, ১টি চুরি, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি দস্যুতা এবং ২টি হত্যা মামলা। এ সময় ৬ (ছয়)টি মৃতদেহ উদ্ধার করা হয়।


নৌ পুলিশ জানায়, জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি চিংড়ি রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয় এবং অবশিষ্ট উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14641
Page of