বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদের সাক্ষাৎ, নিরীক্ষা খাত নিয়ে আলোচনা
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর মিনি কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দেশের নিরীক্ষা খাতের সার্বিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আইসিএবি’র উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “জাতীয় সম্পদ সুরক্ষার ক্ষেত্রে নিরীক্ষা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।”
আলোচনায় আইসিএবি প্রতিনিধিরা সিএমএ-কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের নিরীক্ষা করার অধিকার প্রদানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে আইসিএবি দেশের নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে এবং যথাযথ আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ড ছাড়া নিরীক্ষার অধিকার সম্প্রসারণ হলে খাতটির ওপর আস্থা কমে যেতে পারে।
তারা আরও উল্লেখ করেন, ২০২৫ সালের অর্থ আইনে CMA-দের নিরীক্ষা করার অধিকার দেওয়ার প্রস্তাব উঠলেও আইসিএবি’র আপত্তির কারণে তা চূড়ান্ত হয়নি। তবে ২০২৬ সালের সংশ্লিষ্ট আইনে একই ধরনের প্রস্তাব পুনরায় আসতে পারে বলে এ বিষয়ে সরকারের সতর্ক অবস্থান কামনা করা হয়।
আইসিএবি’র প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত খান, মোঃ রোকনুজ্জামান, মোহাম্মদ মেহাদি হাসান, মোঃ মনিরুজ্জামান এবং প্রধান নির্বাহী শুভাশিস বসু।
এছাড়া, সাক্ষাতে আইসিএবি প্রতিনিধিরা মন্ত্রীর কাছে বিভিন্ন দাবিসংবলিত একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB)-এর নিরীক্ষা করার বিধিগত সীমাবদ্ধতা এবং আইসিএবি’র আর্থিক বরাদ্দ বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।