গোলাপগঞ্জে ইমামের বিদায়ে আবেগ ও রাজকীয় আয়োজন
সিলেট প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন শেষে এক ইমামকে দেওয়া হলো অনন্য ও রাজকীয় বিদায় সংবর্ধনা।
ফুলবাড়িয়া পশ্চিম মদনগৌরী জামে মসজিদে দীর্ঘ এক দশক ধরে ইমামতি করে আসা হাফেজ মাওলানা মোহাম্মদ কামাল হোসেনকে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী আবেগঘন পরিবেশে বিদায় জানান।
গত শুক্রবার (১০ এপ্রিল) জুম্মার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়ী ইমাম জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারগাত্তা গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট, জায়নামাজ, তাসবীহ, নতুন পোশাক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি বিদায় সংবর্ধনায় নগদ একটি বড় অংকের অর্থও প্রদান করা হয়।
সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার বাড়ি ফেরার আয়োজন। ফুল দিয়ে সাজানো একটি বিলাসবহুল প্রিমিও গাড়িতে করে তাকে সসম্মানে জকিগঞ্জের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে মাওলানা কামাল হোসেন বলেন, তিনি দীর্ঘ ১০ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন এবং এলাকাবাসীর ভালোবাসা ও সম্মান তাকে মুগ্ধ করেছে। তিনি সবার জন্য দোয়া কামনা করেন।
মসজিদ কমিটি ও এলাকাবাসী জানান, দ্বীনি শিক্ষা ও সামাজিক ঐক্য রক্ষায় ইমামের অবদানকে স্মরণীয় করে রাখতেই এ ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।