শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার এবং দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রুবেল আহমেদ এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।
বক্তব্যে আব্দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, দলকে তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের অবদানের স্বীকৃতি দেওয়া জরুরি। নানা প্রতিকূলতার মধ্যেও যারা সংগঠনের পাশে ছিলেন, তাঁদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।
আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজির উদ্দিন।
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।