সিলেটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে জকিগঞ্জ প্রেসক্লাবের সংহতি, জড়িতদের শাস্তির দাবি
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জকিগঞ্জ প্রেসক্লাব। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিবাদী সমাবেশের প্রতিও সংহতি ও একাত্মতা প্রকাশ করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রতিবাদবার্তায় এ নিন্দা, প্রতিবাদ ও সংহতি জানানো হয়।
প্রতিবাদবার্তায় প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নাসহ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব পালন এবং নাগরিকের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো অন্যদের মধ্যে রয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলামিস্ট এমএ মালেক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও শ্যামল সিলেট প্রতিনিধি আবুল খায়ের চৌধুরী, সিনিয়র সহসভাপতি ও দৈনিক সমকাল এবং যুগভেরী প্রতিনিধি শ্রীকান্ত পাল, সহসভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ, সাবেক সহসভাপতি ও দৈনিক কালের কণ্ঠ এবং দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি অধ্যক্ষ এম আব্দুল্লাহ আল মামুন, সাবেক সহসভাপতি ও দৈনিক নয়াদিগন্ত এবং দৈনিক জাগ্রত সিলেট প্রতিনিধি রহমত আলী হেলালী।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি মোর্শেদ আলম লস্কর, সহসাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি সীমান্ত তরফদার মাসুদ, কোষাধ্যক্ষ ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কেএম মামুন, সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক যুগান্তর এবং সিলেটের ডাক প্রতিনিধি আল হাছিব তাপাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সুরমা মেইল প্রতিনিধি ইউনুস আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক ও দৈনিক সিলেট মিরর প্রতিনিধি ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও জকিগঞ্জ আইটিভি প্রতিবেদক মাসুম খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও সিলেট এক্সপ্রেস প্রতিনিধি আবু বক্কর ফয়ছল, কার্যকরী সদস্য অপূর্ব পাল, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর নির্বাহী সম্পাদক ও কার্যকরী সদস্য আহমদুল হক চৌধুরী বেলাল এবং সদস্য এমএ ওয়াহিদ চৌধুরী, কয়েস আহমদ ও জাহাঙ্গীর সাহেদ প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। অভিযোগ অনুযায়ী, ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত ও রক্তাক্ত হন।
অভিযোগ রয়েছে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর তাঁদের চিকিৎসার ব্যবস্থা না করেই ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়।
জকিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কর্মবিরতির কারণে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন তাঁরা।