logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৯ অক্টোবর ২০২৬ ০২:৩৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে জৈন্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ০২:৩৩ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ০২:৩৩ পূর্বাহ্ন
পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে জৈন্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে সিলেটের জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) জৈন্তাপুর বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াত ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং জামায়াত নেতা নুরুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক উদ্দিন।


বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায়। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার সম্পন্ন না হওয়ায় নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে তাঁরা দাবি করেন।

তাঁরা আরও বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ২৮ অক্টোবরের ঘটনায় জড়িত ব্যক্তিদের যথাযথ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, “বিচারহীনতার সংস্কৃতি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। আমরা প্রতিহিংসা নয়, আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।”


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পেশাজীবী পরিষদের সহ-সভাপতি কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মামুনুর রশিদ, সাবেক আমীর নাজমুল ইসলাম, আনোয়ারুল আম্বিয়া, জৈন্তাপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি হাবিবুর রহমান, উলামা পরিষদের সভাপতি হাফিজ সামছুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলার সেক্রেটারি মহিউদ্দিন, পেশাজীবী পরিষদের সদস্য আলতাফুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি নাজিম আহমদ, নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিক আহমদ, চারিকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল আহমদ, দরবস্ত ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শাকিল আহমদ, ফতেপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বাবর আহমদ এবং চিকনাগুল ইউনিয়ন জামায়াতের সভাপতি তোফায়েল আহমদসহ স্থানীয় নেতারা।


সমাবেশে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহত জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান বক্তারা।


সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি জৈন্তাপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18390
Page of