ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, সিসকপের নিন্দা ও গ্রেপ্তারের দাবি
সিলেট :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ‘সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ’ (সিসকপ)। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। এ ঘটনায় তাঁরা রক্তাক্ত আহত হন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন এবং সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী সিলেটের বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস।
বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সংবাদ সংগ্রহ ও তথ্য প্রকাশ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখা জরুরি। ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
বিবৃতিতে সিসকপ নেতৃবৃন্দ হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।