logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৯ অক্টোবর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
কানাইঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কানাইঘাট পৌর শহরে জড়ো হন। পরে বিকেল ৪টার দিকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কানাইঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।


পথসভায় সঞ্চালনা করেন জেলা যুবদল নেতা ও কানাইঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আর এ বাবলু। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ উদ্দিন সাজু।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক দেলওয়ার ইসমাইল, শামীম আহমদ বাদল, সিলেট জেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, সেলিম রনি, গিয়াস উদ্দিন ও সাইফুর রহমান, কানাইঘাট পৌর যুবদলের আহ্বায়ক মামুন রশিদ মামুন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


প্রধান অতিথির বক্তব্যে সাজ উদ্দিন সাজু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার ও জনগণের ন্যায্য দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


যুবসমাজকে দেশের অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে যুবকদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের পাশে দাঁড়ানো, মানুষের সুখ-দুঃখে অংশ নেওয়া এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।


তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জন করাও নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব। আগামী দিনে কানাইঘাট উপজেলা যুবদল সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


সাজ উদ্দিন সাজু দলের গণতান্ত্রিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করায় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


সমাবেশে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18408
Page of