logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩০ অক্টোবর ২০২৬ ১১:২১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে ডাকাতির মামলায় সুনামগঞ্জের রুহুল গ্রেপ্তার, দুই দিনের রিমান্ড

বন্দরবাজারে ডিবি-পুলিশের যৌথ অভিযান, আসামির বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা থাকার দাবি ওসির
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ১১:২১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ১১:২১ অপরাহ্ন
জকিগঞ্জে ডাকাতির মামলায় সুনামগঞ্জের রুহুল গ্রেপ্তার, দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:

সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় রুহুল আমিন (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।


বুধবার রাতে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকারের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গ্রেপ্তার রুহুল আমিন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় (ইছাগাঁও) গ্রামের সুমন আহমদের ছেলে।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রুহুল আমিনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর আগে বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়ও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। সে সময় লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছিল বলে জানান ওসি।


ইলাবাজ গ্রামের ডাকাতির ঘটনায় তাঁর সম্পৃক্ততা এবং ঘটনার বিস্তারিত জানতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18439
Page of