logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২৭ অক্টোবর ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিসিটিভির সূত্র ধরে মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৪

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ অক্টোবর ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ অক্টোবর ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন
সিসিটিভির সূত্র ধরে মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজার সদর উপজেলা থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পিকআপটি শনাক্ত করার পর অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করা হয়।


মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে পিকআপসহ একজনকে আটক করে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া গরু দুটি উদ্ধারসহ আরও তিনজনকে আটক করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তহরি গ্রামের মনোরঞ্জন নমশুদ্রের ছেলে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকার (২৪), একই গ্রামের ধীরেশ সূত্রধরের ছেলে দীপন সূত্রধর (২০), মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে এলেমান মিয়া (৩৮) এবং একই গ্রামের নারায়ন নমশুদ্র প্রকাশ নারাইয়ের ছেলে স্বপন নমশুদ্র (২৩)।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের জরিফ উদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়া-সংলগ্ন একটি খালি জায়গায় গরু দুটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। পরে বেলা আনুমানিক ২টা ১৫ মিনিটে সেখানে গিয়ে গরু দুটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তিনি পুলিশকে বিষয়টি জানান।


গরু উদ্ধারে পুলিশ ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়ক এবং লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে হলুদ রঙের একটি পিকআপে গরু দুটি নিয়ে যেতে দেখা যায়। ওই ফুটেজের সূত্র ধরে পিকআপটি শনাক্ত করে গরু উদ্ধারে অনুসন্ধান শুরু করে পুলিশ।


এরই ধারাবাহিকতায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকারকে পিকআপসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে চুরি হওয়া গরু দুটিসহ আটক করা হয়।


এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18369
Page of