logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দুর্ঘটনা কমাতে ওসমানীনগরের ১৪ ঝুঁকিপূর্ণ স্থানে ডিভাইডার চান লুনা

চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন
দুর্ঘটনা কমাতে ওসমানীনগরের ১৪ ঝুঁকিপূর্ণ স্থানে ডিভাইডার চান লুনা

সিলেট : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ১৪টি ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি ভিত্তিতে অস্থায়ী রোড ডিভাইডার স্থাপনের দাবি জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।


সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।


সংসদে দেওয়া বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের উল্লেখযোগ্য একটি অংশ ওসমানীনগর উপজেলার ওপর দিয়ে গেছে। বর্তমানে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে সড়কের স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি জনবহুল বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা এবং রোড ডিভাইডার না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।


তিনি জানান, সম্প্রতি জুলাই ও পরবর্তী দুই মাসে মহাসড়কের এসব দুর্ঘটনায় প্রায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে। ধারাবাহিক দুর্ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।


সংসদ সদস্য বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের স্থায়ী কাজ শেষ হতে আরও সময় লাগবে। কিন্তু নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনা প্রতিরোধে অপেক্ষা করা সম্ভব নয়। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তাই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


এ লক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর সমন্বয়ে দুর্ঘটনাপ্রবণ ১৪টি স্থান চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি। এসব ঝুঁকিপূর্ণ স্থানের মধ্যে তাজপুর, ছদিয়াপুর, দয়ামীর ও গোয়ালাবাজার উল্লেখযোগ্য। এলাকাগুলোতে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ মোড় থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও পথচারীর চলাচল রয়েছে।


তাহসিনা রুশদীর লুনা বলেন, মহাসড়কের স্থায়ী অবকাঠামোগত উন্নয়ন শেষ হতে সময় লাগলেও দুর্ঘটনা প্রতিরোধে অস্থায়ী ব্যবস্থা নিতে দেরি করা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত প্রাণহানি এড়াতে চিহ্নিত ১৪টি ঝুঁকিপূর্ণ স্থানে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অস্থায়ী রোড ডিভাইডার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।


স্থানীয়দের প্রত্যাশা, মহাসড়কের চলমান উন্নয়নকাজের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হলে সড়কে প্রাণহানি কমিয়ে আনা সম্ভব হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17537
Page of