logo
চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষা ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শাবিপ্রবিতে ভর্তিতে সিলেট তৃতীয়, এগিয়ে চট্টগ্রাম-ঢাকা

চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন শিক্ষা
চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
শাবিপ্রবিতে ভর্তিতে সিলেট তৃতীয়, এগিয়ে চট্টগ্রাম-ঢাকা

শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটে অবস্থিত দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগভিত্তিক হিসাবে সিলেটের অবস্থান তৃতীয়। সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ।


ভর্তি-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে মোট ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩৬২ জন, যা মোট ভর্তির ২২ দশমিক ১৬ শতাংশ। ঢাকা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন, অর্থাৎ ১৯ দশমিক ৮৯ শতাংশ। আর সিলেট বিভাগ থেকে ভর্তি হয়েছেন ২৯৮ জন, যা মোট ভর্তির ১৮ দশমিক ২৪ শতাংশ।


চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ভর্তি


১১ জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগ থেকে শাবিপ্রবিতে ভর্তি হওয়া ৩৬২ জন শিক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলা থেকে ৮৮ জন, কুমিল্লা থেকে ৭৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫৩ জন ভর্তি হয়েছেন। বিভাগের অন্যান্য জেলা থেকেও শিক্ষার্থীরা শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।


দ্বিতীয় অবস্থানে ঢাকা


১৩ জেলা নিয়ে গঠিত ঢাকা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ঢাকা জেলা থেকে ৮৬ জন, কিশোরগঞ্জ থেকে ৪৯ জন এবং নরসিংদী থেকে ৪৩ জন শিক্ষার্থী রয়েছেন।


চট্টগ্রাম ও ঢাকা বিভাগ থেকে ভর্তি হওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, শাবিপ্রবির একাডেমিক পরিবেশ, শিক্ষার মান এবং প্রাকৃতিক সৌন্দর্য তাদের বিশ্ববিদ্যালয়টি বেছে নিতে আকৃষ্ট করেছে।


নিজ বিভাগে তৃতীয় সিলেট


শাবিপ্রবির অবস্থান সিলেট বিভাগে হলেও বিভাগভিত্তিক ভর্তির হিসাবে এ বছর সিলেট রয়েছে তৃতীয় অবস্থানে। চার জেলা নিয়ে গঠিত সিলেট বিভাগ থেকে ভর্তি হয়েছেন মোট ২৯৮ জন শিক্ষার্থী।


এর মধ্যে সিলেট জেলা থেকেই ভর্তি হয়েছেন ১৩২ জন, যা একক জেলা হিসেবে সর্বোচ্চ। এছাড়া সুনামগঞ্জ থেকে ৬৫ জন, মৌলভীবাজার থেকে ৫১ জন এবং হবিগঞ্জ থেকে ৫০ জন শিক্ষার্থী শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।


অন্যান্য বিভাগের চিত্র


সিলেটের পর বিভাগভিত্তিক ভর্তির হিসাবে রয়েছে ময়মনসিংহ বিভাগ। চার জেলা নিয়ে গঠিত এ বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৭২ জন শিক্ষার্থী, যা মোট ভর্তির ১০ দশমিক ৫৩ শতাংশ।


রংপুর বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৬২ জন, যা মোট ভর্তির ৯ দশমিক ৯১ শতাংশ। রাজশাহী বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৫৪ জন, অর্থাৎ ৯ দশমিক ৪৩ শতাংশ। খুলনা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১০৮ জন, যা মোট ভর্তির ৬ দশমিক ৬১ শতাংশ।


আট বিভাগের মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগ থেকে। ছয় জেলা নিয়ে গঠিত এ বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৫৩ জন, যা মোট ভর্তির ৩ দশমিক ২৪ শতাংশ।


দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের মিলনস্থল শাবিপ্রবি


বিভাগভিত্তিক এই পরিসংখ্যান থেকে দেখা যায়, শাবিপ্রবির নতুন শিক্ষার্থীদের বড় একটি অংশ সিলেট বিভাগের বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছে। বিশ্ববিদ্যালয়টির অবস্থান সিলেটে হলেও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে শাবিপ্রবির শিক্ষার্থীসমাজ ক্রমেই আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17538
Page of