logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জাফলং-ডাউকি ইসিএতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ধ্বংস ১০ ড্রেজারসহ বিপুল সরঞ্জাম

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন
জাফলং-ডাউকি ইসিএতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ধ্বংস ১০ ড্রেজারসহ বিপুল সরঞ্জাম

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং-ডাউকি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ)-এর বিভিন্ন এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে ব্যবহৃত সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ১০টি ড্রেজার মেশিন, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটরসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এ সময় আরও ৪টি ব্যাটারি জব্দ করা হয়।


মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় ও সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৫ অনুযায়ী অভিযানটি পরিচালিত হয়।


অভিযানকালে জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম ধ্বংস করা হয়।


ধ্বংস করা সরঞ্জামের মধ্যে রয়েছে—১০টি ড্রেজার মেশিন, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন এবং ৫টি ব্যাটারি। এছাড়া আরও ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।


পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের অধীন জেলাসমূহে শব্দদূষণকারী এবং অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি আরও জানান, পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


অভিযানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17528
Page of