logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ, আটক আরএনবির দুই সদস্য

চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ, আটক আরএনবির দুই সদস্য

সিলেট  : সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে রেলের টিকিট, টিকিট সংগ্রহ ও বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সিলেট রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


আটকরা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সঞ্জয় দাস এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য হিসেবে কর্মরত বলে জানা গেছে।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলস্টেশন এলাকায় টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, আটক দুই আরএনবি সদস্য অনলাইনে অবৈধভাবে বিভিন্ন রুটের ট্রেনের টিকিট সংগ্রহ ও ডাউনলোড করে তা বিভিন্ন মাধ্যমে অতিরিক্ত দামে বিক্রি করতেন।


অভিযানের সময় তাদের কাছ থেকে টিকিট ও টিকিট সংগ্রহে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে টিকিট সংগ্রহ ও কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা তারা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ এবং অভিযোগের চূড়ান্ত সত্যতা আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত হবে।


অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। অভিযানে রেলওয়ে থানা পুলিশ, দক্ষিণ সুরমা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।


অভিযান শেষে আটক দুজনকে পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে বলেও ইউএনবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম জানান, রেলের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচা বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17535
Page of